বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা ফুটবল একাদশ ও স্কুল বিভাগ মুখোমুখি হয়।
৪০ মিনিটের নির্ধারিত সময়ের খেলায় স্কুল বিভাগকে ২-০ গোলে পরাজিত করে সদর পূর্ব থানা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে রানার্সআপ হয় স্কুল বিভাগ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ তরুণদের জন্য প্রেরণার উৎস। তাঁদের স্মৃতি ধারণ করে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সততা, দক্ষতা ও নৈতিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্রঅধিকার সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্না এবং সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হুসাইনসহ বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা। সহকারী লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক মো. শাহনেওয়াজ এবং সদর উত্তর থানা সেক্রেটারি আবু তাহের।
রিপোর্টার 









